প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার (৫ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার এ জে রানা।
তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনসহ সব প্রার্থীরা আশাবাদী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে। কিন্তু সেটি যদি সম্ভব না হয়, তাহলে কাছাকাছি কোনো জায়গায় ভোটগ্রহণের আয়োজন করা হবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় আরও জানানো হয়, পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।