আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মধ্যে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তারপর মুসল্লিরা প্রিয়জনদের সঙ্গে কোলাকুলি পর্ব ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
আমাদের দেশের মতো ঈদের নামাজের জন্য আলাদা কোনো ঈদগাহ নেই। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ, মাসাল্লা, পার্ক, কমিউনিটি হল ও স্কুলে ঈদের নামাজ আদায় করেন। দেশটির বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত ঈদ জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনবসতি এলাকাগুলিতে এমনও দেখা গেছে যে, একই স্থানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঈদের জামাত আদায় করা হয়।

দেশে সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মতো আনন্দ প্রবাসে খুবই সীমিত। বিশেষ করে যারা এখানে ষ্টুডেন্ট ও প্রোটেকশন ভিসায় আছেন। তারপরও প্রবাসীরা চেষ্টা করেন দেশে প্রিয়জনদের সঙ্গে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা ও আবেগ বিনিময় করতে। আর প্রবাসী বাঙালিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন আড্ডায় আর রকমারী খাবারে। রঙ্গিন রঙ্গিন ছবি বিভিন্ন ক্যাপশনে সোস্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।