প্রবাস মেলা ডেস্ক: সিডনিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ধুমধাম করে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর “দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন”-এর আয়োজনে সিডনির সেইন্ট মেরি’স মেমোরিয়াল হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই মহোৎসব।
শরতের নীল আকাশ, রোদ-ঝলমলে দিন আর কাশফুলের সৌরভে শুক্রবার দেবীর অকালবোধনের মধ্য দিয়ে পূজা উদযাপনের সূচনা হয়। প্রতিমা সাজসজ্জা ও বোধনপূজাকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে পূজার প্রথম পর্ব শেষ হয়। দুপুরে শিশুদের জন্য আয়োজন করা হয় ছবি আঁকা ও খেলাধুলার প্রতিযোগিতা। ছোট্টদের ঢাকের তালে নাচ ও হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন।
সন্ধ্যায় আরতির সময় ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ। এরপর বড়দের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও আবৃত্তির বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের মুগ্ধ করে।
রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলা। প্রতিদিনের দুপুর, সন্ধ্যা ও রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তোলে।
তিন দিনের পূজা-উৎসব শেষে বিদায়ের ক্ষণে দেবীকে প্রণাম জানিয়ে সবার মুখে এক সুর—“আসছে বছর আবার হবে।”