হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক গভর্নর এ্যান্ড্রু কোমো বলেছেন, ‘এই নির্বাচন দুই প্রার্থীর নয়, দুই দর্শনের মধ্যে হবে। আমি এই সিটি গড়ে তোলার জন্য যে ফিলোসফিতে বিশ্বাস করি, আমার প্রতিদ্বন্দ্বী তা করেন না। আমি ম্যানেজমেন্ট বুঝি, এই সিটির উন্নয়নে প্রয়োজনীয় নেতৃত্ব আমি দিতে পারব।’
গত রবিবার বেলরোজের গোল্ডেন ইয়ার্স পার্টি হলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক আয়োজিত শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ণচন্দ্র মুখার্জি, পরিচালনা করেন অসীম সাহা। জনাকীর্ণ এই দুর্গোৎসবে দেবী আরাধনার পাশাপাশি অনুষ্ঠিত হয় মেয়র নির্বাচনে এ্যান্ড্রু কোমোর পক্ষে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা।
কোমো বলেন, ‘আমরা বিশ্বাস করি সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তায়। নিউইয়র্ক তার ঐতিহ্য ও গৌরবের জন্যই অনন্য। আমি মেয়র নির্বাচিত হলে এই শহরকে সকলের জন্য বাসযোগ্য ও নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করব।’
তিনি আরও বলেন, ‘আমি সবকিছু বিনামূল্যে দেওয়ার পক্ষে নই, তবে জীবনযাপনের ব্যয় কমানো, রাস্তা-ঘাট ও সাবওয়ে নিরাপদ রাখা এবং উচ্চমানের সরকারি শিক্ষা নিশ্চিত করা—এই বিষয়গুলোতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ আমেরিকান ভোটার অ্যাসিস্ট্যান্সের চেয়ারম্যান ও কমিউনিটি এক্টিভিস্ট ড. দিলীপ নাথ, যিনি হিন্দু কমিউনিটির পক্ষ থেকে কোমোর পক্ষে আনুষ্ঠানিক এনডোর্সমেন্ট ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা এমন একজন মেয়র চাই, যিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সবার নিউইয়র্ক গড়ে তুলবেন।’
ড. নাথ বলেন, ‘কুইন্সে প্রায় ২০০ ভাষায় কথা বলা হয়, ১৯৩টি দেশের মানুষ এখানে বাস করেন। গত তিন দশকে কোমো রাজ্য ও ফেডারেল পর্যায়ে নেতৃত্বের গুণে নিজেকে প্রমাণ করেছেন—অবকাঠামো উন্নয়নে তিনি পারদর্শী।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, যিনি কোমোকে ‘সবচেয়ে সফল প্রার্থী’ হিসেবে আখ্যায়িত করেন। কোমোও তাঁর পরিবারিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ‘ডেভিড ওয়েপ্রিন আমার দীর্ঘদিনের বন্ধু, তাঁর বাবা সোল ওয়েপ্রিন ছিলেন আমার বাবার ঘনিষ্ঠ সহযোগী।’
কোমো তাঁর বক্তব্যে বর্তমান মেয়র এরিক এডামসের প্রশংসা করে বলেন, ‘তিনি ১০০% সৎ এবং জনগণের সেবায় নিবেদিত। ডাইভারসিটি আমাদের শক্তি—আমরা সেটাকেই উদযাপন করতে চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরি শুকলা, চামা চাকনা, বাচ্চু, প্রকাশ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. দ্বিজেন ভট্টাচার্য, বিদ্যুৎ সরকার, বিশ্বজিৎ চৌধুরী, শীতের ধর প্রমুখ।
এসময় বেদান্ত সোসাইটির সভাপতি রীনা সাহা এ্যান্ড্রু কোমোকে উত্তরীয় পরিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পুরোহিত টিটন আচার্য কোমোর হাতে রাখি বেঁধে শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে কোমো সাংবাদিকদের সাথে কথা বলেন এবং প্রশ্নের জবাব দেন। উল্লেখ্য, প্রাইমারি নির্বাচনে কোমো তাঁর প্রতিদ্বন্দ্বী যোহরান মামদানীর কাছে পরাজিত হন, ফলে মামদানি ডেমোক্রেটিক মনোনয়ন পান।