সিউল, দক্ষিণ কোরিয়া থেকে: ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ইপিএস বাংলা কমিউনিটির ২০২০ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
বেলা ১১ টায় জাকির হোসেন ও ইমরান বাদশার যৌথ উপস্থাপনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য আজিজুল হক এবং পবিত্র গীতা হতে পাঠ করেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মৃদুল সোম। স্বাগত বক্তব্য রাখেন ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্টা শান্ত শেখ, আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটির সিনিয়র সহ সভাপতি বাঁধন কাজী। আরও বক্তব্য রাখেন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উপদেষ্টা ও এশিয়া মাল্টিকালচারাল সেন্টারের চেয়ারম্যান লী ইয়ুং গুন, কোরিয়া ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের প্রধান সোং জুং হা, গুরো থানার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মুন জি সু, আমন্ত্রিত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও বছরের বিভিন্ন সময় স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

ইপিএস বাংলা কমিউনিটির অনলাইন কার্যক্রম ও ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী আহসানুল হক।
চলতি বছরের সব গুলো অনুষ্ঠান নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রতিবেদন তুলে ধরেন ইপিএস বাংলা কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খাঁন। নবগঠিত কমিটির পরিচিতি ও পদমর্যাদা সহ ভিডিও উপস্থাপন করেন প্রচার সম্পাদক নয়ন কুমার দে।
বিগত বছরে কমিউনিটির কার্যক্রমের পারফরম্যান্স বিবেচনা করে নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ হতে তিন জন করে মোট ৬জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন সম্মানিত কোরিয়ান অতিথিবৃন্দ।
সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে দেন নবাগত সভাপতি জিয়াউল হক জিয়া কে ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দায়িত্ব বুঝিয়ে দেন নবাগত সাধারণ সম্পাদক আশিকুন নবী রাসেল কে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়াতে বাংলাদেশী বিভিন্ন আঞ্চলিক কমিউনিটির নেতৃবৃন্দ ও ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটি দক্ষিণ কোরিয়াতে অবস্থিত ইপিএস কর্মীদের সর্বোচ্চ সেবা এবং এবং দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এ আশা ব্যক্ত করেন উপস্থিত ইপিএস বাংলা কমিউনিটির শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।