প্রবাস মেলা ডেস্ক: ফের আলোচনায় ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। সম্প্রতি তার মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজটি বন্ধে থানায় জিডি করেছেন অভিনেতার মামা আলমগীর কুমকুম।
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি জিডি করেন তিনি। জানা গেছে, ‘বুকের ভেতর আগুন’ নামের ওই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। জিডিতে বলা হয়েছে, আমার ভাগনে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনও চলমান রয়েছে। কিন্তু এর মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যেটা আইনসম্মত নয়।
যেহেতু মামলাটি এখনও চলমান, তাই আমি এ ধরনের ওয়েব সিরিজ তৈরিতে ইতোমধ্যে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে আত্মহত্যা বলে প্রচার করছে।
এ বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণে বন্ধ চান। ছেলের মৃত্যু রহস্য নিয়ে সিরিজ নির্মাণ হচ্ছে এমন খবর শোনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয় সরকারের কাছে সেই অনুরোধ জানিয়েছেন নীলা চৌধুরী।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে অভিনেতার মামা আলমগীর কুমকুম সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান নির্মাতা অংশুকে।