প্রবাস মেলা ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গণের উজ্জ্বল নক্ষত্র তিনি, জীবন্ত এই কিংবদন্তি কণ্ঠশিল্পী এ দেশের গর্ব। শুধু দেশের গানেই তার যে বিরাট অবদান, তা দিয়েই তিনি এই বাংলার বুকে বেঁচে থাকবেন শত শত বছর। বছরজুড়ে বিভিন্ন সময়ে তার গাওয়া দেশের গান আমাদের পুলকিত করে, অনুপ্রাণিত করে, আন্দোলিত করে। আর দেশের বিভিন্ন জাতীয় দিবসে তার গাওয়া দেশের গানই যেন আগামীদিনে নতুন করে পথ চলার সাহস যোগায়। দেশের গান ছাড়াও চলচ্চিত্রে হাজার হাজার গান গেয়েছেন তিনি। আর এমনি করেই গানে গানে সাবিনা ইয়াসমিন হয়ে উঠেছেন এ দেশের তথা বাংলা ভাষাভাষীর অতিপ্রিয় একজন শিল্পীতে-একজন জীবন্ত কিংবদন্তিতে।
জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, জন্মদিন এলেই আব্বা আম্মা এবং আমার বোনদের খুউব মিস করি। কিন্তু তারপর সবার ভালবাসা পেয়ে আমি সে কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। দেশে বিদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানান। দিনটিতে বিশেষভাবে উদযাপনের কোন ইচ্ছে নেই। ঘরেই সময় কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভাল রাখেন, সুস্থ রাখেন। প্রয়াত বরেণ্য সুরকার-সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সঙ্গীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমাতে আলতাফ মাহমুদের সঙ্গীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানটি গাওয়ার মধ্যদিয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। বরেণ্য এই সঙ্গীত শিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে প্রমোদকার (খান আতাউর রহমানের ছদ্ম নাম) পরিচালিত ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর বিভিন্ন সময়ে আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, মইনুল হোসেনের ‘প্রেমিক’, বুলবুল আহমেদ’র ‘রাজলক্ষী শ্রীকান্ত’, আমজাদ হোসেনের ‘দুই জীবন’, কাজী হায়াৎ’র ‘দাঙ্গা’, মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’, মোহাম্মদ হোসেন’র ‘আজ গায়ে হলুদ’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য এবং সর্বশেষ ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে গুণী এই সঙ্গীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।