অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় সরকারি বিধি নিষেধ যথাযথভাবে মেনে করোনাকালীন দুর্যোগের মধ্যেই ১ সেপ্টেম্বর ২০২১ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ করলো দক্ষিন কোরিয়া বিএনপি।
এ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পিয়ংটেক সিটির এন আর মার্ঠ অঙ্গনে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
মূলধারার রাজনীতিক যুবদল নেতা নূর মোহাম্মদ সুমন ও রাসেল বিন সোলায়মানের সঞ্চালনায় দক্ষিণ কোরিয়া বিএনপি’র সভাপতি হারুনুর রশিদ হিরনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এস এম উজ্জ্বল।
এসময় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ কোরিয়া বিএনপি নেতা রুবেল খান, জাহাঙ্গীর আলম, জুবলি জিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এসএম উজ্জ্বল বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি। তিনি বলেন, বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল করা যাবেনা। প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এবারও জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবো। আর এটাই হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একমাত্র শপথ।
সভাপতির সমাপনী বক্তব্যে হারুনুর রশিদ হিরণ বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে আবারও বিএনপি’র নেতাকর্মীদের রাজপথে আন্দোলন এবং আন্তর্জাতিক অঙ্গণে লবিং জোরদার করতে হবে।
এরপরে, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার পরিসমাপ্তি করা হয়।