আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সাবরিন ফারুকি উস্রী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির পলিসি ফোরামের নির্বাচনে বামপন্থী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কার্যক্রম ৯ জুলাই থেকে ৩১ জুলাই (৩ সপ্তাহ ব্যাপি) পর্যন্ত চলে। আর ফলাফল প্রকাশিত হয় ২ আগস্ট। দলের এই নির্বাচনে ভোট প্রদান করা হয় পোস্টাল ব্যালেট ও পেপার ব্যালেটের মাধ্যমে। আর শুধুমাত্র নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির সদস্যরাই এ ভোট প্রদান করতে পারে। মোট ১৬ জন মেম্বার নির্বাচিত হয়েছেন তারমধ্যে বামপন্থী দলের ৮ জন ও ডানপন্থী দলের ৮ জন।
নিউ সাউথ ওয়েলস পলিসি ফোরামের সদস্যারা ট্রেড ইউনিয়ন এবং সংসদ সদস্যদের সাথে মিলে বিভিন্ন পলিসি তৈরীতে কাজ করবে। পলিসি ফোরামের উদ্দেশ্য আগামী ২০২৩ সালের নিউ সাউথ ওয়েলসের রাজ্যসভা নির্বাচনে সুন্দর নীতি নির্ধারণের ফলে যেন দলটি জয়ী হতে পারে। লেবার দলের অধিক আধুনিকায়ণ ও কার্যকারীতা বৃদ্ধির লক্ষ্যে এই নির্বাচনের আয়োজন।
লেবার দল অস্ট্রেলিয়াতে বর্তমানে বিরোধী দল এবং পূর্বে এ দল কয়েক বার সরকার পরিচালনা করেছিলেন। এই পলিসি ফোরাম এখন থেকে সক্রিয়ভাবে কাজ করবে নিউ সাউথ ওয়েলস রাজ্যে। ২৭ আগস্ট নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির কেন্দ্রীয় অফিসে প্রথম মিটিংয়ে সাবরিন ফারুকি অন্যান্যদের সাথে প্রতিনিধিত্ব করেন।
ডানপন্থী দল থেকে নির্বাচিত হয়েছেন ব্যাংকসটাউন ও ক্যান্টারবারী সিটি কাউন্সিলের মেয়র কার্ল আসফার। সাবরিন ফারুকি উস্রী বলেন, প্রতিটা জয়ই আনন্দের। আর নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির পলিসি ফোরামের বামপন্থী সদস্য নির্বাচিত হয়ে আমি অত্যান্ত আনন্দিত। এ দলে যেন আরো গতিশীলতার আনতে পারি সে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, উস্রী গত ২৩ মার্চ অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে আইন পরিষদের একটি আসনে লড়েছেন। তিনি ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ২০১০ সালে। তিনি চাকুরীতে কর্মরত আছেন এবং সিডনিতে ১৫ বৎসর যাবৎ বসবাস করছেন।