প্রবাস মেলা ডেস্ক: ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সেসব সিনেমা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’ অন্যতম। আর সিনেমার প্রচার প্রচারণার জন্যে মুক্তির আগে থেকেই সরব অনন্ত ও বর্ষা। ২৩ এপ্রিল ২০২৩, রবিবার প্রচারণার অংশ হিসেবে সিনেমা মুক্তির পর থেকে প্রতিদিনই হল ভিজিটে যাচ্ছেন অনন্ত-বর্ষা জুটি। আর তাদের সাথে দেখা করতে ও সিনেমা উপভোগ করতে হলে আসছেন দর্শকরাও। আর এই হল ভিজিটে রোববার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ‘কিলহিম’ ছবি শো’তে হাজির হন অনন্ত, বর্ষা ও তাদের সিনেমার অন্য কুশীলবরা। তবে সেখানে এসেই গণমাধ্যমকর্মীরা অনন্ত জলিলের লোকদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বর্ষা। সোমবার আবারও তারা সিনেমার হল ভিজিটে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘গতকালের এ ঘটনার আমি এবং অনন্ত আমরা কিছুই জানি না। এমন কিছু যদি সত্যিই হয়ে থাকে তবে এটি আমাদের বিরোধীদের ষড়যন্ত্র হতে পারে।’ যারা হেনস্তার শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে বর্ষা আরও বলেন, ‘গণমাধ্যমের ভাই-বোনদের সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।’
উল্লেখ্য, রোববার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ‘কিলহিম’ ছবি শো’তে হাজির হবেন জানিয়ে সাংবাদিকদের আহ্বান করেন অনন্ত জলিল। সেখানেই গণমাধ্যমকর্মীরা অনন্ত জলিলের লোকদের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। হেনস্তার শিকার হওয়া গণমাধ্যমকর্মীরা বলেন, ‘আমরা অনন্ত জলিলের দাওয়াতেই ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে হলে দর্শকদের উপস্থিতি কাভার করতে যাই। কিন্তু সেখানে যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন তারা কেউ সিনেমার দর্শক নন, তারা অনন্ত জলিলকে স্যার বলেন। এছাড়া তাদের আচরণ দেখে সবাই বুঝবে তারা ভক্ত নন, নায়কের স্টাফ!’
তারা বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে অনন্তকে ফুলেল শুভেচ্ছা জানাতে বেশ কিছু ভক্ত ‘কিল হিম’ সিনেমার পক্ষে স্টার সিনেপ্লেক্সের বাইরে অপেক্ষা করছেন। তারা সিনেমার দর্শক না, তারা সিনেমা দেখেননি। তবে তারা সাংবাদিকদের শুরু থেকে ভিডিও ফুটেজ সংগ্রহে বাধা দিয়ে আসছিলেন। অনন্তকে ফুল দেয়ার আয়োজনের সময়, ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের হেনস্তা করার চেষ্টা করেন তারা।
শুধু হেনস্তাই নয়, একটি বেসরকারি টিভি চ্যানেলের ট্রাইপড ও অন্য একটি চ্যানেলের ব্যুম নিয়ে যান তারা। পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের ব্যু্ম ভেঙে ফেলারও দাবি করা হয়েছে।