প্রবাস মেলা ডেস্ক: সাংস্কৃতিক অঙ্গণে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। মহান বিজয় দিবস উপলক্ষে ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কাকরাইল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক এমপি, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং নাগরিক ঢাকার সভাপতি এম. নাঈম হোসেন। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী।