জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত:
যে পথ ধরে সফরনামায় তুমি
মাটির বুকে ফুটেছে তারাফুল
সৃজন তােমার ভালােবাসার আলাে
চিত্রভাষায় স্পন্দিত উপকূল৷
শিল্পী তুমি প্রিয়তায় ভরা মুখ
বাঙালি-গর্ব, ছুঁয়েছো বিশ্বমন
সাদাকালাে থেকে ডিজিটাল যুগে এসে
মুগ্ধ করেছো নন্দিত গৃহকোণ৷
অপুকে দিয়েছাে রক্তমাংসে দ্যুতি
ক্ষুধিত পাষাণ চিরায়ত বিস্ময়
ফেলুদা-সিরিজ বারবার দেখা ছবি
চারুলতা ছুঁয়ে শাখাপ্রশাখায় জয়৷
নানা রঙে ফুল ফুটেছে আঙিনাময়
কবিতা নাটক সিনেমার অঙ্গনে
কবির সৃজনে দিয়েছো স্বপ্নভাষা
শিল্পীত প্রাণে, মানুষের জয়গানে৷