ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে খুন হয়েছে মিনু বেগম (পায়েল) নামে এক বাংলাদেশি নারীকর্মী। তার দেশের বাড়ি ঢাকার আশুলিয়া থানায়।নিহত পায়েল এর একটি হাত ও একটি পা বিছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে স্থানীয় লেবানন পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী বৈরুতের আসরাফিয়ে এলাকায় একটি বাসা থেকে পায়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রবাসী বাংলাদেশিরা জানান, জামসেদ মিয়া ওরফে ফারুক নামের এক বাংলাদেশির সঙ্গে পায়েলের সম্পর্ক ছিল ।প্রায় তিন মাস আগে অন্যত্র থেকে এসে আসরাফিয়ে এলাকায় বাসাভাড়া করে থাকতো তারা। গত তিনদিন যাবত তাদের বাসায় তালাবদ্ধ দেখা যায় এবং পাশে থাকা বাংলাদেশিদের সন্দেহ হয় এবং দুর্গন্ধ পেয়ে বাসার মালিককে জানায়। পরে বাসার মালিক কয়েকজন বাংলাদেশিকে সাথে নিয়ে তালা ভেঙে বিছানার নিচে দেখতে পায় পলিথিন মোড়ানো মরদেহ। স্থানীয় পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য পায়েলের মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।
বাসায় এবং আশপাশে খুঁজেও পায়েলের বিছিন্ন হাত ও পা’ খুঁজে পায়নি পুলিশ। ঘাতক হাত-পা কেটে নিয়ে গেছে এমনটাই ধারণা হচ্ছে।
বর্তমানে পায়েলের সঙ্গী কুমিল্লা জেলার সুরজনগর গ্রামের ফারুক পলাতক রয়েছেন। তার খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। এমন হত্যাকাণ্ডে আসরাফিয়ে এলাকাসহ পুরো লেবানন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোশ্যাল মিডিয়াসহ হোয়াটসঅ্যাপে কমিউনিটির নেতৃবৃন্দ এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান। তারাবলেন, লেবানন প্রবাসী বাংলাদেশি যারা লিভটুগেদারের মাধ্যমে বসবাস করে যাচ্ছে তারা যেন এমন নৃশংস হত্যাকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখে।