জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার নিউহাম বন্ধু মহলের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইস্ট হামের একটি অভিজাত কফি হাউজে আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস উৎযাপন ও দোয়া মাহফিল হয়েছে।
অনুষ্ঠিত অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় নিউহাম বন্ধু মহলের এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পক্ষ থেকে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেনের উপস্থিতিতে এবং হাবিবুর রহমান সহিদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন টিপু সুলতান মাওলা ও মাহবুব আলম মামুন। এতে বক্তব্য প্রদান করেন শহিদুল ইসলাম খান, মো: এনামুল হক শাহীন মোল্লা ছাড়াও অনেকে। বক্তারা বলেন- আন্তর্জাতিক বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশী প্রবাসী বাংলাদেশিদের অবদান। তা হল কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। ১৯৯৮ সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে আবেদন থেকে শুরু হওয়া প্রক্রিয়া ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাবে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন বহুভাষিক দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য লন্ডনের মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বৃহত্তর লন্ডনে বাংলা তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা হওয়ায় হাইকমিশন ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষা শেখার সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করবে।

বিবিসির তথ্যানুযায়ী বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। এরই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকীকরণের পাশাপাশি বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।