জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনে পারিবারিক সফররত সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সম্মানে নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় রমফোর্ড রোডের আয়ান গ্রিল রেস্টুরেন্টে যুক্তরাজ্যপ্রবাসী ওসমানীনগর জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। অবশিষ্ট সমস্যাগুলোও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী এলাকার উন্নয়নের মাধ্যমে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্বপ্নের মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর কনিষ্ঠ সহোদর এম আছকির আলী এবং এম ইলিয়াস আলীর সন্তান লাবিব সারা।
মতবিনিময় সভায় ওসমানীনগরের প্রবাসী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনার সুযোগ দেওয়ায় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।