প্রবাস মেলা ডেস্ক: ভৌগোলিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ শব্দটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, অভিবাসী চিন্তাধারার মনোজগৎ বা দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা আদিবাসী শব্দ ব্যবহার করে কারো পাতানো ফাঁদে পা দিচ্ছি কি না, ভেবে দেখতে হবে। এ ধরনের শব্দ চয়ন থেকে বিরত থাকাই ভালো।
বৈঠকে সাবেক চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে ২১ গণহত্যায় ৩৮ হাজার বাঙালি নিহত হয়েছেন। এটাকে জিও পলিটিক্যাল খেলার ক্ষেত্র বানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকার ও রাজনীতিবিদদের ভাবতে হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদে আমরা সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বলেছেন আমরা সবাই বাংলাদেশি। সেটাই বাস্তবায়ন করা হোক।
এ সময় পাহাড়কে নিয়ে যেকোন সংকট বিএনপি সরকার সমাধান করতে পারবে বলেও উল্লেক করেন তিনি।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, বাপ-বেটির (শেখ মুজিব-শেখ হাসিনা) জন্য আদিবাসী সমস্যার সমাধান হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। এখন আবারও সময় এসেছে। জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধানে যেতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাই।