জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত মাল্টিকালচারাল ফ্যাশন শো ‘মডেস্ট ফ্যাশন ওয়েভ লন্ডন’। ৭ সেপ্টেম্বর (রবিবার) সেন্ট্রাল লন্ডনের সেন্ট জন হাইড পার্ক ক্রিসেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। প্রাণবন্ত সঞ্চালনা করেন তামান্না মিয়া।
অনুষ্ঠানটি আয়োজন করেন মডেস্ট ফ্যাশন ওয়েভ লন্ডনের প্রতিষ্ঠাতা তাশকিয়া আজমি এবং হাওয়া কাউচারের প্রতিষ্ঠাতা আমিনা রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল বরো অব কেনসিংটন অ্যান্ড চেলসির কাউন্সিলর ডোরি এ. স্মেটার্লিং, রিজেন্টস পার্কের লেবার কাউন্সিলর নাসিম আলী ওবিই, ফিস্ট ও মিষ্টি রেস্তোরাঁর মালিক শরীফ ইসলাম, রোটিবক্সের প্রতিষ্ঠাতা সোফিয়া কে চৌধুরী, ডা. নিঘাত আরিফসহ আরও অনেকে। চমৎকার এই ফ্যাশন শোর পরিচালনায় ছিলেন জয় রাজ।
বিদেশের মাটিতে বসবাসরত বাংলাদেশি মুসলিম তরুণীরাও এ আয়োজনে অংশ নেন। এতে মুসলিম নারীদের অগ্রণী ভূমিকায় অংশগ্রহণ সবাইকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে ছিল নানা দেশের খাবার, পোশাক ও গহনার স্টল।
সবশেষে সঞ্চালক তামান্না মিয়া আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সর ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।