মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৫ আগস্ট ২০২১, রবিবার যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার অভিবাসীগণ গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে এসময় দূতাবাস প্রাঙ্গণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের অংশগ্রহণে আজ বিকেলে দূতাবাস কর্তৃক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুলসমূহে ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।