মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে টিমের সভাপতি শরীফ হোসেন খান টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। চাঁদপুর সুলতানসের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং তথ্য ও প্রচার সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিমের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, টিমের উপদেষ্টা মোস্তফা মুন্সী, আলমগীর হোসেন আলম, মোঃ মাসুদ মিজি, খোরশেদ গাজী, ইউনুস মিজি, মোঃ সেলিম, মোঃ জাকির হোসেন, সোহেল আলম হাজীসহ টিমের ক্রিকেটার, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীরা।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা জানান, চাঁদপুর সুলতানসের খেলার সময়সূচি ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে কুমিল্লা স্টার্সের বিপক্ষে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বরিশাল বাদশাহর বিপক্ষে এবং ২৮ সেপ্টেম্বর একই সময়ে নারায়ণগঞ্জ লায়ন্সের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, সবগুলো খেলা অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে।
বক্তারা আরও বলেন, সৌদি আরবে বসবাসরত চাঁদপুর প্রবাসীদের খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
চাঁদপুর সুলতানসের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন- মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ, প্রবাস মেলা, চাঁদপুর ট্রিবিউন, আরটিভি ও বিজয় টিভি।