প্রবাস মেলা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দাবি মেনে নেওয়া হলে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ হবে। ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন তিনি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার দাবি, ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে রুশ হামলা একটি বিশেষ সামরিক অভিযান। এর লক্ষ্য দেশটিকে নাৎসিমুক্ত করা। এরদোয়ানের সঙ্গে ফোনালাপে পুতিন আবারও বলেছেন, আক্রমণ পরিকল্পনা অনুসারে চলছে।
এমন মন্তব্য সম্প্রতি আরও কয়েকবার করেছেন। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যখন বলছেন, ইউক্রেনে রুশ আক্রমণ পুতিনের পরিকল্পনা মতো আগাচ্ছে না, তখন তিনি এমন দাবি করে যাচ্ছেন।
ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন আশা করেন ইউক্রেনীয় মধ্যস্থতাকারীরা আরও বেশি গঠনমূলক মনোভাব গ্রহণ করবেন।
এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, তুর্কি নেতা পুতিনকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি