প্রবাস মেলা ডেস্ক: ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার বিকেলে প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী হেনু মিয়া এবং কুয়েত প্রবাসী মো: শওকত আলী। এ সময় তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
হেনু মিয়া ৩৫ বছর ধরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ফ্রান্সে প্রবাস জীবন শুরু করলেও তিনি এখন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র দুই দেশেই বসবাস করেন। তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সুরমা গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি এবং অল-ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) এর ট্রেজারার। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করেন। ‘বাংলা বাজার’ নামে ফ্রান্সে তার ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবাস মেলা’র সাথে আলাপচারিতায় হেনু মিয়া বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল থাকছে। কিন্তু প্রবাসীরা দেশে নানান সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে প্রবাসীদের দেশের সম্পদ রক্ষা করার জন্য তিনি মাননীয় হাইকোর্ট থেকে রুল জারি করে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানান। ‘আমরা সবাই প্রবাসী, দেশেও প্রবাসী-বিদেশেও প্রবাসী’ এই স্লোগানকে ধারণ করে তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
অপরদিকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে বেড়ে ওঠা মো: শওকত আলী কুয়েতে আছেন দীর্ঘ ৩৪ বছর যাবৎ। কুয়েত এবং দুবাইতে তার Dallat Al Barakah নামে পারিবারিক পারফিউম এর ব্যবসা রয়েছে। মো: শওকত আলী জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর সদস্য সচিব, জালালাবাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি, কুয়েত ফুটবল ফেডারেশনের প্রধান উপদেষ্টা, কুয়েত ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা, গ্রীণ সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটির নেতা। মো: শওকত মিয়া করোনাকালীন সময়ে দুস্থ প্রবাসীদের নানাভাবে সহযোগিতা করেছেন। তিনি তার নিজ খরচে প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পাঠিয়েছেন।
এক পর্যায়ে বিশিষ্ট এই দুইজন প্রবাসীদেরকে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার মো: আশরাফুল আলম মাসুদ।