ডেস্ক রিপোর্ট: সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন প্রদত্ত সোনার বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন মডেল ও চিত্রনায়িকা রাজ রিপা। নবাগত চিত্রনায়িকা হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড পান। তার মুক্তিপ্রাপ্ত “ময়না” সিনেমার জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। শনিবার (১০ মে) রাজধানীর মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। আয়োজনের প্রধান অতিথি বিচারপতি শিকদার মকবুল হক তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
এ বছর ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে এসেছিল রাজ রিপা অভিনীত ‘ময়না’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সিইও আলিম উল্লাহ খোকনের গল্পে নির্মিত হয়েছে রিপার এই সিনেমাটি। প্রাথমিকভাবে ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।
রায়হান রাফির ‘দহন’ সিনেমায় প্রথম অতিথি চরিত্রে অভিনয় করেন রিপা। তারপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। সে সিনেমার গানের শুটিং বাকি ছিল। এমন অবস্থাতেই ‘ময়না’ হয়ে বড় পর্দায় পা রাখলেন এই তন্বী তরুণী।
সিনেমার নায়িকা হওয়ার পর রিপা অন্য মাধ্যমেও কাজ করবেন বলে মনস্থির করেছেন। তিনি জানালেন, এখন অন্যান্য কাজে মন দিব। ওয়েব সিরিজে কাজের কথা চলছে। ভালো গল্প পেলে নাটকেও কাজ করার ইচ্ছে আছে।
অভিনয়ের বাইরে রিপা মডেলিংও করছেন। তিনি জানান, স্যাভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এ সূত্রে প্রমোশনাল কাজ ও বিজ্ঞাপনচিত্রের কাজ হচ্ছে।
সবশেষে রিপা জানালেন দেশের বাইরের একটি সিনেমায় কাজের ব্যাপারে কথাবার্তা চলছে। নিশ্চিত না হওয়ায় এখনই কিছু বলতে চাচ্ছেন না তিনি।