প্রবাস মেলা ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে এনেছেন পরীমনি নিজেই। বুধবার মধ্যরাতে পরী নায়িকা মীমের দিকে সরাসরি অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পরিচালক রায়হান রাফীকে ট্যাগ করে পরী ফেসবুকে লিখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ আর মিমকে ট্যাগ করে পরী লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
একই পোস্টে স্বামী রাজকে ট্যাগ করে পরীমনি লিখেছেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। এর কিছুদিন আগে রাজ এবং মীমকে ইঙ্গিত দিয়ে পরী অভিযোগ তুলেছিলেন। পরীর এমন ফেসবুক পোস্টের পর গুঞ্জন ছড়িয়েছিল রাজ-মীম প্রেম করছেন, যেটা পরী মানতে পারছেন না।
পরীর এমন পোস্টে কারণে মীম বৃহস্পতিবার দুপুরে নিজের অবস্থান পরিষ্কার করে ফ্যান পেজে একটি পোস্টে জানিয়েছেন, ক্যারিয়ারে ঠিক যে সময়ে তুঙ্গে অবস্থান করছেন, একটি পক্ষ তার প্রতি ঈর্ষান্বিত হয়ে, তাকে থামিয়ে দিতে তার নাম জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।
মামলা করবেন উল্লেখ করে মীম লিখেছেন, এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
গণমাধ্যমের সহায়তা চেয়ে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষী দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।
মিথ্যা খবর ছড়ালে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।
মিম অভিযোগ করে লিখেছেন, পর ‘পরাণ ও দামাল সিনেমার সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।
মীম বলেন, পরাণ ও দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একই রকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে।
যেসব খবর ছড়াচ্ছে, সেসব প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে উল্লেখ করে লাক্স তারকা বলেন, শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।