প্রবাস মেলা ডেস্ক: জীবনমুখী ও হাস্যরসাত্মক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক। বেশ কিছুদিন আগেই রাজনীতিতে যোগা দেওয়ার আশা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে সেটি করেও ফেললেন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছে। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন।
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।
এ সময় তিনি গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।
অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।