জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ২০২২ সালে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৪৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী, যা ২০২১ সালের রেকর্ড ছাড়িয়েছে। গত বছর আগস্টে একদিনেই ১২শ’র বেশি অভিবাসনপ্রত্যাশী ব্রিটেনে প্রবেশ করেছে।
১ জানুয়ারি ২০২২, রবিবার ব্রিটিশ সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর। প্রায় ৫৬২ কিলোমিটার দৈর্ঘ্যের সাগর ইংলিশ চ্যানেল। বিশ্বের অন্য সাগরের তুলনায় আকার ও আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক। ভৌগলিক কারণেই শীতল পানির এই সাগর বছরের অধিকাংশ সময়ই থাকে উত্তাল। ঘটে নৌকা ও ট্রলার ডুবির ঘটনাও।
ফ্রান্স টোয়েন্টি ফোরের খবর বলছে, তা সত্ত্বেও ২০২২ সাল জুড়ে এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে ৪৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। যা ২০২১ সালের রেকর্ড ছাড়িয়েছে। এমনই তথ্য জানিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী, ২০২১ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে ২৮ হাজার ৫২৬ জন অভিবাসনপ্রত্যাশী। এক বছরে দেশটিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েছে ১৭ হাজারের বেশি।
গত কয়েক বছর ধরেই উন্নত জীবনের আশায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাজ্যে প্রবেশ করছেন। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এরইমধ্যে ইংলিশ চ্যানেলে ব্রিটিশ কোস্ট গার্ডের নিয়মিত টহলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন সরকার। তবে সেসব পদক্ষেপে মিলছে না তেমন দৃশ্যমান কোনো সুফল।
গত ডিসেম্বরে ইংলিশ চ্যানেলের হিমশীতল পানিতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪৩ জন যাত্রীকে উদ্ধার করে ব্রিটিশ কোস্ট গার্ড। তাদের মধ্যে চার জন বাদে বাকি সবাই ছিলেন মৃত।