মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় থাকা কয়েক লক্ষ প্রবাসীর জন্য সুখবর হয়ে এসেছে মাল্টিপল ভিসা। বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে এখন থেকে ভিসা নবায়নে সিঙ্গেল এন্ট্রির পরিবর্তে মাল্টিপল পাবে প্রবাসীরা।
মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদানের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।
গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এ বছরের মে মাসে উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরেও গুরুত্ব পায় মাল্টিপল ইস্যু। সব মিলিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশি প্রবাসীরা মাল্টিপল ভিসা পাচ্ছেন বলে দাবি করা হয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ওই ফেসবুক পোস্টে।
এদিকে সরকারের কূটনৈতিক এই সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছেন মাল্টিপল ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষে দাবি তোলা সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও সীমান্ত। এক বার্তায় তারা বলেন, মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির আরেক নাম ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া আগমনে লিখিত দাবি উপস্থাপন করি। আমাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীরা মাল্টিপল ভিসা পেতে যাচ্ছে। এটি আমাদের জন্য দারুণ এক সুখবর।
তবে মাল্টিপল ভিসা পাওয়ার পর প্রবাসী কর্মীদের দেশে যাতায়াতের ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন কিংবা অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে কি না—এ নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এদিকে মাল্টিপল ভিসা দেওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করতে দেখা গেছে অনেককে।