মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। ১৯ জুলাই ২০২৫, শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং মালদ্বীপে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী প্রবাসী সাংবাদিকরা অংশ নেন।
উপস্থিত ছিলেন—মালদ্বীপ বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ ২৪-এর মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও প্রবাস মেলার প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডি-এর প্রতিনিধি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা ও জি-টিভির প্রতিনিধি আব্দুল কাদের, দপ্তর সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ প্রবাসী সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবাসী সাংবাদিকরা প্রবাস জীবনের অভিজ্ঞতা ও বাস্তবতাকে দেশের সামনে উপস্থাপন করেন। তাদের কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল হয়।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের সমস্যা, অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। হাইকমিশন সব সময় মিডিয়াবান্ধব অবস্থান বজায় রাখবে এবং আপনারা যেকোনো সহযোগিতার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।”
সভায় প্রবাসী সাংবাদিকরা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, হাইকমিশনের সেবা প্রাপ্তি, যোগাযোগ সহজীকরণসহ নানা বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আলোচনাপূর্ণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সভার আয়োজনের আহ্বান জানান।