মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস ও রেমিট্যান্স যোদ্ধা’ দিবস। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২ আগস্ট ২০২৫) অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ।
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্য নিয়ে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত হয় আলোচনা সভা, ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শন। এছাড়া সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন হয় অনুষ্ঠানে।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের স্মৃতি, প্রবাসীদের অবদান, রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতিচারণসহ বর্তমানে মালদ্বীপে ডলার সংকটের কারণ ও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
জুলাই সনদে’ প্রবাসীদের অবদানের যথাযথ স্বীকৃতি সন্নিবেশ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি জেনারেল সাজ্জাদ হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদার।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
এসময় তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা এবং বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতি ও তাদের অধিকার সুরক্ষায় চলমান প্রচেষ্টার তাৎপর্য তুলে ধরেন।
শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও প্রবাসীদের শুভকামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও মিশনের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।