প্রবাস মেলা ডেস্ক: ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে মারা যাওয়া ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মধ্যে কয়েকজনের মরদেহ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার দেশে আসছে। পরের দিন রবিবার আরেকটি ফ্লাইটে দেশে আসবে আরও কয়েকজনের মরদেহ। তবে কোন ফ্লাইটে কতটি মরদেহ আসবে, তা জানা যায়নি। ৭ ফেব্রুয়ারি ২০২২, সোমবার ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, ইতালির রোম থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার রওনা হয়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার । এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি লাশ নিয়ে ১১ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার।
গত ২৫ জানুয়ারি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে যাওয়ার সময় নিহত এই ৭ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে এবং দুজনের বাড়ি সুনামগঞ্জে।
তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সাইফুল।