প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশি ৪ নাগরিক নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দিয়ে অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে জাল আধার কার্ডসহ ভুয়া অন্যান্য নথি জব্দ করা হয়েছে। ৪ জুন ২০২৩, রবিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার ভারতের উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এতে বলা হয়, জাল কাগজপত্র ব্যবহার করে নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের মিরাটে চার বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহিত সিং সাজওয়ান বলেছেন, সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) মিরাট ইউনিট খারখোদায় কিছু সন্দেহভাজন লোকের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল। পরে মিরাটের এটিএস ফিল্ড ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং যাদব এবং তার দল চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সজিব খান, মোহাম্মদ মন্টু খান, মোহাম্মদ মজিদুল খান এবং মোয়াজ্জেম খানকে শনিবার ধিরখেদার হাপুর-মিরাট রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চারটি জাল আধার কার্ড, পাঁচটি এটিএম ও দু’টি প্যান কার্ড এবং ব্যাংকের দু’টি পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা খারখোদা জেলার একটি গ্রামে জুতার কারখানায় কাজ করত। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার অধীনে মামলা হয়েছে।