রানা সাত্তার, চট্টগ্রাম: দৃশ্যছায়া থেকে নির্মিত শর্ট ফিকশন ‘পতাকা’ এবং ‘প্রশ্নবোধক’ ভারতের হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ অফিশিয়াল সিলেকশন পেয়েছে। আগামী ২২-২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত এই উৎসবে ইফতেখার আহমদ সায়মন এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই শর্ট ফিকশন দুইটি দেখানো হবে ভারতের কলকাতায় ভারত সভা হলে। উক্ত চলচ্চিত্র দুইটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহিনুর সরোয়ার, রুমেল বড়ুয়া, কেমং মারমা, বিপাশা চাকমা, জয় রাজ ত্রিপুরা, সুনাইক্রোই মারমা, রায়হান রানা, কঙ্কণ দাশ, শিহাব জিশান অনিক, রানা সাত্তার, এরিন জাহান লাবনী, ফাহমিদা খানম, উজ্ঞজয়ী মারমা সহ আরও অনেকেই। চলচ্চিত্র দুইটিতে চিত্রধারণ করেছেন জাকির হাসান, সম্পাদনা ও কালার করেছে হাসিবুর রহমান। নেপথ্যে কলাকুশলী হিসেবে ছিলেন রাফসান, সেফায়েত, শিমুল, তুশি, ফরহাদ সহ আরও অনেকে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় নির্মাতা ও ‘দৃশ্যছায়া’ কর্ণধার ইফতেখার আহমদ সায়মন নিজের সন্তোষ প্রকাশ করে জানান, এই কাজের সাফল্য সম্পূর্ণভাবেই অভিনয়শিল্পী সহ সকল প্রোডাকশনমেটদের। আর যা কিছু সীমাবদ্ধতা আছে সেগুলোর দায়ভার সম্পূর্ণ ভাবেই আমার। পাহাড়ি – বাঙালি সম্প্রীতি এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একজন পাহাড়ি শিশুর দেশ প্রেম এর উপর ভিত্তি করে ‘পতাকা’ এর কাহিনি বিস্তৃত হয়েছে। অপর দিকে প্রশ্নবোধক এর মূল থিম ছিল যে কোন যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারীরা এবং শিশুরা। ধর্মের নামে এ কেমন অধর্মের পরিচয় দিচ্ছে সকলে। সাম্প্রতিক বিশ্বের নৃশংস হত্যাযজ্ঞসমূহ উঠে এসেছে নিরীক্ষাধর্মী ‘প্রশ্নবোধক’ এ।