প্রবাস মেলা ডেস্ক: বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত রেমিট্যান্স মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বৈধ পথে বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত অর্থ সুরক্ষিত থাকবে এবং এই অর্থ থেকে সরকারি প্রণোদনাসহ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমের অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। যারা বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।’
তিনি জানান, রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রেমিট্যান্স প্রেরণের জন্য ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা থেকে ৩ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব জানিয়েছে, তা বিবেচনার জন্য সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।
এদিন অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের জন্য বিশেষ প্রণোদনা ছাড়াও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ গ্রহণের নানা প্রস্তাব দেন। জবাবে প্রতিমন্ত্রী এসব বিবেচনার আশ্বাস প্রদান করেন। এর আগে প্রতিমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসীদের স্বার্থ ও কল্যাণ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যুক্তরাজ্যে সোনালী ব্যাংক চালু করলে যুক্তরাজ্য থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সূচনা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমিট্যান্স প্রেরণের জন্য ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ও সিআইপি মর্যাদাসহ নানা ক্ষেত্রে প্রবাসীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সময় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রবর্তনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ হাই কমিশন লন্ডনের বিশেষ এই মেলায় রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
মেলায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী প্রধান ১৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সুযোগ-সুবিধা ও প্রণোদনা সম্পর্কে আগত দর্শনার্থীদের অবহিত করে।