প্রবাস মেলা ডেস্ক: সুইডেনের রাজা ও রানির করোনা শনাক্ত হয়েছে। ০৪ জানুয়ারি ২০২২, মঙ্গলবার সুইডিস রয়েল কোর্ট এ তথ্য জানায়। রয়েল কোর্ট এক বিবৃতিতে জানায়, রাজা কার্ল ষোড়শ গুস্তাফ (৭৫) এবং রানি সিলভিয়ার (৭৮) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তারা দুজনেই টিকার তিনটি করে ডোজ (বুস্টার) নিয়েছে। তাদের কোনো বড় ধরনের করোনার উপসর্গ নেই এবং তারা ভালোই আছে। বর্তমানে তারা আইসোলশনে রয়েছেন।
সুইডেনে সম্প্রতি দৈনিক করোনা সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়ছে। গত ৩০ ডিসেম্বর দেশটিতে একদিনে রেকর্ডসংখ্যক ১১ হাজার ৫০৭ জন করোনা সংক্রমিত হয়েছিল। রয়েল পরিবারের বাকি সদস্যরা আগেই করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের মার্চে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ও তার স্বামী প্রিন্স ড্যানিয়েল এবং ২০২০ সালে প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া করোনা সংক্রমিত হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি।