সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব এর উদ্যোগে ২০ জুন ২০২১ বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “আমরা একসাথে শিখব, একসাথে সুস্থ হব, একসাথে আনন্দে উজ্জ্বল হয়ে উঠব”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে একলাব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কক্সবাজার জেলা পর্যায়ে আলোচনা সভা, সিসিএনএফ কর্তৃক আয়োজিত ওয়েবইনার এ অংশগ্রহণ, রেডিও নাফ এ খবর সম্প্রচার, রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান তৈরী ও ভাষানচরে আলোচনা সভা।
বিশ্ব শরণার্থী দিবস, বিশ্বের সকল শরণার্থীদের সম্মান জানাতে জাতিসংঘ কর্তৃক মনোনীত একটি আন্তর্জাতিক দিবস। বিশ্বজুড়ে দ্বন্দ ও জাতিগত নির্যাতন থেকে বাঁচতে তাদের স্বদেশ ফেলে পালিয়ে যেতে বাধ্য হওয়া লোকদের শক্তি এবং সাহস যোগাতে দিবসটি গুরুত্বপূর্ণ। বিশ্ব শরণার্থী দিবস হল তাদের সহানুভূতি এবং তাদের দুর্দশার বোঝা আর তাদের জীবন পুনঃর্নির্মাণে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার। আমরা একসাথে শিখব, একসাথে সুস্থ হব, একসাথে আনন্দে উজ্জ্বল হয়ে উঠব” শিরোনামে বিশ্ব শরণার্থী দিবস ২০২১ পালন করা হচ্ছে। ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এটি একটি আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা দেয়। ১৯৫১ সালের রিফিউজি কনভেনশনের পঞ্চাশতম বার্ষিকী স্মরণে ২০ শে জুন, ২০০১ সালে প্রথমবার বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব শরণার্থী দিবস। এটি মূলত আফ্রিকা উদ্বাস্তু দিবস হিসাবে পরিচিত ছিল।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে, কক্সবাজারে কর্মরত ৫০টি এনজিওর নেটওয়ার্ক সিসিএনএফ ওয়েবইনার এর আয়োজন করে। এতে একলাব এর নির্বাহী পরিচালক জনাব সৈয়দ তারিকুল ইসলাম রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক মর্যাদা, সামাজিক সংহতি নিশ্চিত করার উপর আলোকপাত করেন। এছাড়াও তিনি পরিবেশ ও জীববৈচিত্রের সংরক্ষণ এর উপর গুরুত্বারোপ করেন। ওয়েবইনার এ অন্যান্য বক্তারা বর্তমান রোহিঙ্গা সঙ্কটের চূড়ান্ত সমাধান এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক মর্যাদা, সামাজিক সংহতি নিশ্চিত করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে এবং শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষরাও তাদের সম্প্রদায়গুলিকে রক্ষা করতে পদক্ষেপ নিতে হবে। যথাযথ সুযোগ পেলে শরণার্থীরা আরও শক্তিশালী, নিরাপদ এবং আরও প্রাণবন্ত বিশ্ব গঠনে অবদান রাখবে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে একলাব রেডিও নাফ ৯৯.২ এফএম এ শরণার্থীদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান এবং নিয়মিত অনুষ্টানের ধারাবাহিকতায় সংবাদ প্রচার করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একলাব ভাষানচর রোহিঙ্গা ক্যাম্পে ও আলোচনা সভার আয়োজন করেছে। একলাব আঞ্চলিক কার্যালয় কক্সবাজার এ দিবসটির উপর আলোচনা সভার আয়োজন করা হয়। একলাব কক্সবাজার এর হেড অফ অপারেশন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উন্নয়ন সংস্থা ডিবিপিএস এর চেয়ারম্যান, একলাব এর প্রকল্প পরিচালক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং অফিসারসহ বিভিন্ন স্তরের ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচকবৃন্দ দিবসটির মহাতœ ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সকল অনুষ্ঠানে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে পালন করা হয়।