প্রবাস মেলা ডেস্ক: ২০২০ সালের ১ জানুয়ারি থেকে করোনাভাইরাসের কারণে যেসব প্রবাসী দেশে ফেরত এসেছেন, তারা এ প্রকল্প থেকে সহযোগিতা পাবেন। প্রবাসীদের জন্য দেশের ৩০ জেলায় ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এসব ওয়েলফেরার সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া বিদেশফেরত কর্মীরা প্রত্যেকে প্রণোদনা হিসেবে ১৩ হাজার ৫০০ টাকা করে পাবেন।
২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের মধ্যে করোনাভাইরাসের কারণে বিদেশফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন প্রজেক্টের সাবসিডি চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের মধ্যে কোভিডফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন প্রজেক্ট থেকে এসব ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। ৪২৭ কোটি টাকার এ প্রকল্প থেকে স্থাপন করা ওয়েলফেয়ার সেন্টারে কোভিডফেরত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যাচাই-বাছাই করে ২ লাখ কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। এক্ষেত্রে বয়স্ক, নারী ও খুব বেশি অর্থের প্রয়োজন যাদের, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এ প্রকল্প থেকে ২৫ হাজার ৫০০ বিদেশ ফেরতকর্মীকে দেওয়া হবে রিকগনেশন অব প্রাইম লার্নিং সার্টিফিকেট।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে করোনাভাইরাসের কারণে যেসব প্রবাসী দেশে ফেরত এসেছেন, তারা এ প্রকল্প থেকে সহযোগিতা পাবেন। প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের একটা ডাটাবেস তৈরি হবে। এতে করে জানা যাবে কারা দেশে ফিরেছেন, কোথা থেকে ফিরেছেন। এছাড়া এ ডাটাবেজ থাকলে ভবিষ্যতে তাদের সহযোগিতা করতে সুবিধা হবে।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।