প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম এর সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘প্রবাস মেলা’ পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা ও টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ এবং গীতিকার-মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ জাফর সাদেক। সাক্ষাৎ এর এক পর্যায়ে ‘প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ মহাপরিচালকের হাতে সৌজন্য এক কপি পত্রিকা তুলে দেন।
প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রমলব্ধ রেমিটেন্স দেশে প্রেরণ, সর্বোপরি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ইত্যাদি বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়। ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা যে প্রবাসীদের একমাত্র কণ্ঠস্বর হিসেবে দেশে-প্রবাসে শক্তভাবে ‘ভয়েজ রেইজ’ করে যাচ্ছেন- তা নিয়ে মাহবুবুল আলম পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, মো. মাহবুবুল আলম প্রায় এক যুগ আগে বিটিভিতে উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) হিসেবে কর্মজীবন শেষ করেন। এরপর তিনি দিগন্ত টেলিভিশনে কয়েক বছর ‘হেড অব প্রোগ্রাম’ এর দায়িত্ব পালন করেন। গত ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মো. মাহবুবুল আলমকে ২ বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিটিভির সম্প্রচার কার্যক্রম আরও উন্নত করতে কাজ করে যাচ্ছেন। আধুনিকায়নের পাশাপাশি নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে তার নেতৃত্বে।
মো. মাহবুবুল আলম একজন বিশিষ্ট ছড়াকার ও সু-সাহিত্যিক। দেশের মূলধারার পত্র-পত্রিকাতে তাঁর লেখা ছড়া নিয়মিত প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে।
বাংলাদেশের মূলধারার মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা মো. মাহবুবুল আলম এর অভিজ্ঞতা ও দক্ষতা বিটিভির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন মহাপরিচালকের নেতৃত্বে বিটিভির সম্প্রচার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে।