শেখ মহিতুর রহমান বাবলু, লন্ডন, যুক্তরাজ্য থেকে: মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে পঞ্চাশোর্ধ্ব খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টসের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি গত ১৬ ডিসেম্বর রাত ৯টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ইনডোর মাঠে অনুষ্ঠিত হয়।
প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টসের ফাউন্ডার ড. জাকির খানের তত্ত্বাবধানে কেক কাটার মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফ অনলাইনের চেয়ারম্যান এম এ মুনিম সালিক, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের চেয়ারম্যান ইওয়ার খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ, লন্ডন রিজিওন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মনির আহমেদ, লন্ডন ক্রিকেট লীগের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম এবং গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সেক্রেটারি মির্জা আসহাব বেগসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’—এই দুই দলে বিভক্ত হয়ে মোট ৩২ জন ব্যাডমিন্টন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেন। খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। টুর্নামেন্টজুড়ে উভয় দলই সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ম্যাচে গ্রুপ ‘এ’ থেকে বিজয়ী হন আতাউর রহমান ও আবদুল মুনিম এবং গ্রুপ ‘বি’ থেকে বিজয়ী হন আলী আহমেদ ও আক্লাসুর রহমান।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এ সময় অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ ও স্মৃতিচিত্র ধারণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং ট্রফি ও মেডেল স্পন্সর করে লন্ডন স্পোর্টিভ। ভেন্যু ও রঙিন জার্সির স্পন্সর ছিল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। এছাড়া খাবার ও কেক স্পন্সর করে যথাক্রমে সোনারগাঁ রেস্টুরেন্ট ও আবু সুফিয়ান ঝিলাম।