মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেনের বার্সেলোনা শহরে ব্যাডমিন্টন গ্রুপ, বাংলাদেশ কমিউনিটির ফাইনাল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার লাল ফিতা কেঁটে ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের বার্সেলোনার কনস্যুলেটর রামন পেদ্রো বেরনাউস।
ব্যাডমিন্টন গ্রুপ বার্সেলোনা, বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এবং সদস্যদের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে ফাইনাল প্রতিযোগিতা ও টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
বার্সেলোনা শহরের উপকণ্ঠে ভূমধ্যসাগর পাড়ে অবস্থিত ইনডোর স্টেডিয়াম ফাভেইয়ো লা মারভেইয়াতে সন্ধ্যা সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা চলে।
এ সময় কাতালোনিয়ার উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাসহ বাংলাদেশী কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবডেলিগেশন (বার্সেলোনা) কার্লোস প্রিয়েতো গোমেজ, পিএসসি এর নাগরিকত্ব বিভাগের সেক্রেটারি জেনেরাল মারিয়া গার্সিয়া লোপেজ, পিএসসি এর সমতায়ন বিভাগের সেক্রেটারি জেনেরাল মনসেররাত গ্রাসিয়া, সাবেক সংসদ সদস্য (২০১৬-১৯) মোহাম্মদ সাঈব আখদিম, অ্যাকটিভ ওমেন এর প্রেসিডেন্ট মনসেররাত রামন, সিইইবি মারভেইয়া এর কো-অর্ডিনেটর খোসে মরেনোসহ অন্যান্য অতিথিবৃন্দ। আনুষ্ঠানিক উদ্বোধনশেষে রাত নয়টায় সেমিফাইনাল উত্তীর্ণ গ্রুপের সাথে ফাইনাল খেলার প্রতিযোগিতা হয়।
খেলায় গ্রুপ ‘এ’ জুটির ফয়সাল ও মোক্তার, গ্রুপ ‘আই’-এর সোহেল ও নাদিম জুটি প্রতিযোগিতা করে। উক্ত খেলায় ফয়সাল মোক্তার জুটি ২-০ সেটে জয়ী হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং সোহেল, নাদিম জুটি রানার্স আপ হবার গৌরব অর্জন করে।
এর আগে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় পরাজিত দুই দলের সাথে প্রতিযোগিতার মাধ্যমে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে গ্রুপ ‘বি’এর আরিফ, জাফার জুটি টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে মনোনিত হয়।ফাইনাল খেলাশেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী গ্রুপের প্রত্যেককে ট্রফি বিতরণ করা হয় এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের স্মৃতিস্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশী কমিউনিটির ব্যাডমিন্টনপ্রিয় খেলোয়াড়দের অংশগ্রহণে গঠিত সংগঠন ব্যাডমিন্টন গ্রুপ, বার্সেলোনা নিজস্ব খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে। মোট নয়টি গ্রুপে ১৬ জন খেলায়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় পয়েন্ট ভিত্তিতে প্রতিটি গ্রুপই একে অপরের সাথে প্রতিযোগিতা করে। পরে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা চারটি দলের মধ্যে সেমিফাইনাল এবং সেমিফাইনালে বিজয়ী ২টি দলের মধ্যে ফাইনাল খেলার প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানশেষে অতিথিদের সম্মানে বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়।