মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসে বাবার মৃত্যুর ৭ মিনিটের মাথায় এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। ভেনিসের পলিক্লিনিক হাসপাতালে এক বাংলাদেশি প্রবাসীর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, চার মাস আগে খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যান্সার ধরা পড়ে। এর পর দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। তার বেদনাদায়ক অকাল মৃত্যুতে ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিয়তির কি নির্মম পরিহাস ইমাম নুরউদ্দিন এর মৃত্যুর ঠিক ৭ মিনিটের মাথায় তার স্ত্রীর একটি কন্যা সন্তান প্রসব করে।তারা একই হাসপাতালে পাশাপাশি রুমে ছিলেন। মৃত্যুর আগে বাবা তার সদ্য জন্ম হওয়া কন্যা সন্তানকে দেখে যেতে পারেনি । আর সদ্য জন্ম হওয়া কন্যা তার বাবাকে দেখতে পারেনি।কি হৃদয়বিদারক ঘটনা!
নুরউদ্দিনের দেশের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানায় বলে জানা গেছে। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। আগামী ১৩ অক্টোবর মেসত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।