প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। সোমবার (১৮ মে) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার সপ্তম যৌথ কমিটির বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসব সেক্টরে কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে ৪ লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি চলতি বছরে আরও বেশি কর্মী নিয়োগের আশা প্রকাশ করেন।
তিনি কাতারগামী কর্মীদের ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সহজ করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান। একইসঙ্গে মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক বৈঠকে কাতারের উন্নয়ন খাতে বাংলাদেশ থেকে আরও বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।
জবাবে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এর মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।
বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর বিষয়ে তিনি জানান, বিষয়টি বাস্তবায়নে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।