কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ১০ হাজার হাজি বৃদ্ধি করেছে সৌদি আরব সরকার। বুধবার ৪ ডিসেম্বর মধ্যরাতে মক্কার বাংলাদেশ হজ মিশনে বাংলাদেশ-সৌদিআরবের সাথে হজ চুক্তির পরবর্তী সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগামীতে হজ কার্যক্রম আরো সহজ করা হবে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
এজেন্সিপ্রতি সর্বনিম্ন হাজির সংখ্যা ১০০ জন। এছাড়াও হজ এজেন্সির জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন (IATA) লাইসেন্স থাকার বিষয়টি শিথিল করা হয়েছে।
হজযাত্রীর কোটা বাড়ানো, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজিদের ইমিগ্রেশন সহজ করা, হাজিদের ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফেরার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ধর্মপ্রতিমন্ত্রী।
এসময় মক্কার হজ কাউন্সিলর মোঃ মাকসুদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন।