রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সিঙ্গাপুর। এতে অনেক সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের ফিরে যাওয়া। অবশেষে আগামী ২৬ অক্টোবর ২০২১ রাত ১১:৫৯ মিনিটের পর থেকে আবারো চালু হতে যাচ্ছে সিঙ্গাপুর।
২৩ অক্টোবর ২০২১, শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং এমনটাই জানিয়েছেন। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ১৪ দিনের ভ্রমণ ইতিহাসসহ সকল ভ্রমণকারীদের সিঙ্গাপুরে প্রবেশ বা ট্রানজিটের অনুমতি দেওয়া হবে।
তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার ৬টি দেশে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে- যা আগে বন্ধ ছিল। এই দেশগুলোর পরিস্থিতি কিছু সময়ের জন্য স্থিতিশীল হয়েছে।
বাংলাদেশ সহ ৬টি দেশের নাগরিকদের আগামী ২৭ অক্টোবর থেকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে অবশ্যই ভ্রমণকারীদের ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পূর্বে পিসিআর টেষ্ট করতে হবে। কোয়ারেন্টাইন ফি ১৪৫০ সিঙ্গাপুর ডলার।