প্রবাস মেলা ডেস্ক: বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ ২৪ অক্টোবর ২০২১, রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই নাট্যজন ম হামিদ।
তিনি জানান, মাহমুদ সাজ্জাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়। পরে কোভিড নেগেটিভ ফল এলেও কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন মাহমুদ সাজ্জাদ।
জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন।
এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেসঙ্গে ব্যস্ততা বাড়ে টিভি নাটকেও। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি অভিনয় করেছেন সহস্রাধিক নাটকে।