রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে অপচেষ্টা করেছিল ঘাতকেরা তা কখনোই সফল হয়নি, বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু বেঁচে থাকবেন যুগ যুগান্তরে বলে মন্তব্য করেছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ’ র পরিচালনায় ও বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম,সহ সভাপতি আবুল কাশেম, ইকবাল হাশমি, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ঘাতকেরা আজও থেমে নেই বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে তারা এখনো ষড়যন্ত্র করছে আর তাই আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে কাজ করার জন্য আহ্বানও জানান তারা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্স আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।