রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে শাহ গ্রুপের আয়োজনে বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স থেকে সহকর্মী আবুল কালাম মামুন জানান, গত ৬ মার্চ শুক্রবার প্যারিসের গার দ্য নর্দ এলাকায় অবস্থিত শাহ রেস্টুরেন্টে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে ফ্রান্সে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও প্রবাস বাংলার সম্পাদক অপু আলোম, এটিএন বাংলার দেবেশ বড়ুয়া, যমুনা টেলিভিশনের আবু তাহের, আই অন টিভি ইউকের এনায়েত সোহেল, সময় টিভির লুৎফর রহমান বাবু, এনটিভি ইউকের আবুল কালাম মামুন, এসএ টিভির আব্দুল মালেক হিমু, ডিবিসি নিউজের ইকবাল মোহাম্মদ জাফর, দেশ টিভির নয়ন মামুন, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টিভির রাসেল আহমেদ, এটিএন বাংলা ইউকের তাজ উদ্দিন, ঠিকানা পত্রিকার জুনায়েদ ফারহান, এশিয়া পোস্টের সাইফুল ইসলাম রনি প্রমুখ।
ইফতার শেষে উন্মুক্ত আলোচনায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বর্তমান অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ব রাজনীতি এবং ফ্রান্সে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
শাহ গ্রুপের চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশ ও কমিউনিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। সাংবাদিকরা বিগত দিনের ন্যায় আগামীতেও নিজেদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে দেশ ও কমিউনিটির কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশি কমিউনিটির প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সকল ভেদাভেদ ভুলে দেশ ও কমিউনিটির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।