প্রবাস মেলা ডেস্ক: যেভাবে হোক জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, জীবনমান উন্নয়নের জন্য শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণ এবং নদী দূষণও নিয়ন্ত্রণে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। কারণ পরিবেশ দূষণ দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যায়। তাই দূষণ কমানো কেবল সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির দায়িত্ব। জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশকে আরও উন্নত ও নিরাপদ রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।