রাসেল আহমদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে প্রথমবারের মতো প্রবাসী সাংবাদিকদের নিয়ে “সাংবাদিকতা : ধারণা, কলাকৌশল ও মান উন্নয়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের অভারভিলিয়ের মেরির লিগ্যাল এইড হলরুমে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ফ্রান্সের বিভিন্ন মিডিয়ায় কর্মরত বাংলা ভাষার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ফরাসি ও বাংলাদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই প্রক্রিয়া (ফ্যাক্ট চেকিং), অভিবাসন প্রেক্ষাপটে সংবাদ পরিবেশন ও বহুসাংস্কৃতিক সমাজে সাংবাদিকদের করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি বর্ণবাদবিরোধী বিশিষ্ট সাংবাদিক সারা বস, অভিবাসন বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্স সাংবাদিক আমিন আবদেল্লি, সাংবাদিক ও পরিবেশবাদী লেখক শাহাবুদ্দিন শুভ এবং টেলিভিশন সাংবাদিক ও সংবাদ উপস্থাপক আবু বকর মোহাম্মদ আল আমিন।
কর্মশালার সার্বিক সমন্বয় ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম। প্রশিক্ষণ প্রক্রিয়ায় অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল শিক্ষার্থী তাসনিমুল জাদিদ।
দিনশেষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এনায়েত হোসেন সোহেল। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস টাইমস সম্পাদক ও প্রকাশক কাজী এনায়েত উল্লাহ ইনু, ফরাসি অভিবাসন প্রশাসনের অডিট অফিসার লিন্ডা মেরি সরকার, সাংস্কৃতিক সংগঠক হাসানাত জাহান, সামাজিক সংগঠন আইমসার প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ এবং লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।