মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যাকে ঘিরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই তুলুজ শহরে বসবাসরত বাঙালিদের মধ্যে, জেগে ওঠে অন্যরকম এক পরিবেশ। এই মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা তুলুজ শহরের অন্যতম জনপ্রিয় ব্যক্তি, বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের তুলুজের সভাপতি, আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিম ও তার পরিবার।
কাংখীত সময়কে মাথায় রেখেই, নির্ধারিত দিনে ৯ জুন রবিবার স্থানীয় বাঙালিরা দলবেঁধে, প্রাণবন্ত আমেজে হাজির হয়েছিল “লা পিতিত গোয়াই” রেস্টুরেন্টে। উপস্থিত সবাইকে পরম আন্তরিকতায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে একটুও কার্পণ্য করেন নি এই পরিবারের কর্তা, তার সহধর্মিণী সাজেদা বেগম (সাজু) সহ তার সন্তানেরা।

বরাবরের মতো অন্যদের সহযোগিতা নিয়ে, পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত সবাইকে পরম মমতায় খাবার পরিবেশন করেছে। ঈদের সেমাই, হরেক রকম মিষ্টান্ন এবং দুপুরের আহারের পর ভালোবাসা এবং আন্তরিকতার আবেশে গা ভাসিয়ে দিয়ে সবাই মেতে উঠেছিল খুনসুটিতে।হরেক রকম চোখ ধাঁধানো বাঙালি পোশাক , বাচ্চাদের ছুটোছুটি, বয়স্কদের আয়েসী খোশগল্প সবকিছু মিলেই মনে হচ্ছিল এ যেন এক খন্ড ছোট্ট বাংলাদেশ।
বিদেশে কর্মব্যস্ততার একরাশ ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার। উপস্থিত তুলুজের সর্বস্তরের সকলে এর দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য পরিবারের প্রতি ভালোবাসার, সম্মান ও দোয়া কামনা করেন।