প্রবাস মেলা ডেস্ক: ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার প্রবাস মেলা অফিস পরিদর্শন করেন লন্ডন প্রবাসী, প্রবীণ রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। তিনি প্রবাস মেলা কর্মীদের সঙ্গে চা-চক্রে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তার হাতে প্রবাস মেলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
সৈয়দ আবদুল মাবুদ সাতকানিয়া ও লোহাগাড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (আখতার-মাবুদ পরিষদ) এবং কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন।
সাংবাদিকতায়ও রয়েছে তার উজ্জ্বল ভূমিকা। তিনি ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), দৈনিক স্বদেশ এবং দৈনিক দেশ বাংলা’য় কাজ করেছেন। একাডেমিকভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯২ সালে তিনি লন্ডনে পাড়ি জমান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি লন্ডন এডুকেশন অথরিটি (এলইএ)-এর মনোনীত স্কুল গভর্নর এবং স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্ডিপেনডেন্ট কাস্টোডি ভিজিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি, ইউকে-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং লন্ডন রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ইউরোপিয়ান কমান্ডের সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সৈয়দ আবদুল মাবুদের প্রবাসী জীবন ও তার অভিজ্ঞতা বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটিতে অনুপ্রেরণার উৎস।