প্রবাস মেলা ডেস্ক: ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে আড্ডায়-আলোচনায় অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, এবিএম সালেহ উদ্দীন সাহিত্যাঙ্গণে সংস্কৃতি মনষ্ক একজন মুক্তমনা মানুষ। তিনি কবি ও সাহিত্য সমালোচক। শৈশব থেকেই তাঁর লেখালেখির যাত্রা শুরু। শিশুতোষ, ছড়া-গল্প দিয়ে হাতেখড়ি হলেও মূলত গল্প-কবিতা, প্রবন্ধ-নিবন্ধসহ আন্তর্জাতিক ফিচারধর্মী কলাম লেখায় সিদ্ধহস্ত। গল্প, কবিতা ও গবেষণাধর্মীসহ তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে। প্রেম-বিরহ, রোমান্টিকতা, সভ্যতা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, দেশাত্ববোধ ও মানবতাবোধের ঐশ্বর্য তাঁর লেখার প্রধান বিষয়। তার সাহিত্যে সভ্যতা, সংস্কৃতি, দেশপ্রেম, স্বাধীনতা ও ঐতিহ্যবোধ প্রবলভাবে উজ্জ্বল হয়ে ওঠে।
ছাত্রজীবন থেকে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন ও স্মরণিকা সম্পাদনা করেছেন। তন্মধ্যে ‘অয়ন’, অনির্বাণ,’ স্বদেশ’, ঝংকার অন্যতম। এছাড়া তিনি নিউইয়র্ক এ দুইযুগ ধরে প্রতিবছর অনুষ্ঠিত আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলনের অন্যতম উদ্যক্তা এবং এ উপলক্ষ্যে প্রতিবছর প্রকাশিত ‘সুর’ পত্রিকার সম্পাদক এবং সমকালীন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত কলাম লেখক।
এবিএম সালেহ উদ্দীন ঢাকার ইনলাইটন প্রি-ক্যাডেট স্কুলের সাবেক চেয়ারম্যান ও অনন্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি। বাংলাদেশে দীর্ঘদিন তিনি ঢাকা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক, বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্যতম সদস্য ছিলেন। তিনি ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’-এর স্বত্বাধিকারী। এলিফ্যান্ট রোড়ের অংকন প্রিন্টিং প্রেসের পরিচালক ও বাংলাবাজারে অবস্থিত ‘দি বাড কম্পিউটার্স’এর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। তিনি সাপ্তাহিক ‘দেশ মাতৃকা’ ও পাক্ষিক ‘দেশ অর্থনীতি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। উপমহাদেশের সুবিখ্যাত মানবসেবা প্রতিষ্ঠান’ ‘আন্জুমান মফিদুল ইসলাম’ এর জীবন সদস্য এবং লায়ন ক্লাব ঢাকা ওয়েসিসের সদস্য।
এছাড়াও এবিএম সালেহ উদ্দীন যুক্তরাষ্ট্রের মূলধারার এ্যাক্টিভ মেম্বার। নিউইয়র্ক প্রেসক্লাবের বাংলাদেশ আমেরিকান প্রেস সার্ভিস (বাপস)-এর ভাইস-চেয়ারম্যান, ‘বনলতা শিল্পী-সাহিত্যিক সাংবাদিক গোষ্ঠী’র পরিচালক এবং ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্রের অন্যতম উপদেষ্টা। নজরুল একাডেমি ইউএসএ’র জীবন সদস্য এবং শিল্পকলা একাডেমি ইউএসএ’র অন্যতম উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার ‘নিউইয়র্ক প্রেসক্লাবের এ্যাক্টিভ মেম্বার। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিন ধরে তিনি আমেরিকার হিউমেনিস্ট সেন্টার অব কালচার-এর অন্যতম অ্যাক্টিভিস্ট।